২১ হাজার ভোটে এগিয়ে আছেন সানি দেওল

আপডেট : ২৩ মে ২০১৯, ০২:৪২ পিএম

বলিউড তারকা ও বিজেপি প্রার্থী সানি দেওল পাঞ্জাবের গুরদাসপুর আসনে ২১ হাজারের বেশি ভোট এগিয়ে আছেন। বৃহস্পতিবার সকালে এই খবর পাওয়া যায়।

৬২ বছরের সানির প্রতিপক্ষ হিসেবে আছেন কংগ্রেসের সিনিয়র নেতা সুনীল ঝাকর। একই আসন থেকে আরও নির্বাচন করছেন আম আদমি পার্টির পিটার মসিহ।

গুরদাসপুর আসন বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। এখান থেকে টানা চারবার নির্বাচিত হয়েছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা বিনোদ খান্না। গুজব উঠেছিল এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনোদের স্ত্রী কবিতা খান্না। সানিকে প্রার্থী ঘোষণার পর তিনি হতাশা প্রকাশ করেন। তবে পরে দলের সিদ্ধান্ত মেনে নেন।

ভোটে প্রচারণার সময় সানি দেওল রাজনীতি সম্পর্কে তার অজ্ঞতা জনসম্মুখে খোলাসা করেন। তিনি বলেন, “বালাকোট হামলা বা পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমি বেশি কিছু জানি না। আমি এখানে এসেছি জনগণের সেবা করতে।”

তবে বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি থেকে নির্বাচিত ধর্মেন্দ্র প্রথমদিকে জানিয়েছিলেন, ছেলে সানির প্রার্থী হওয়ায় তার অনুমোদন নেই। কারণ কংগ্রেস প্রার্থী সুনীল তার বন্ধু বলরাম ঝাকরের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত