ইংল্যান্ডের উইকেট হবে ব্যাটিং সহায়ক। রান হবে অনেক বেশি। তাই বিশ্বকাপের আগে দলের ব্যাটিং লাইন-আপ কিভাবে লম্বা করা যায় তা নিয়ে ভাবছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।
ব্যাটিং বান্ধব উইকেট হলে রান কেমন হতে পারে সেটি তো দেখাই গিয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে। প্রতিটি ম্যাচেই রান হয়েছে সাতশোর উপরে।
ইংল্যান্ডের মাঠে যতবেশি রান আদায় করা যাবে ততই নিরাপদ। দলীয় সংগ্রহ বড় করার জন্য ছক আঁকছেন বাংলাদেশ কোচ। ব্যাটিংবান্ধব উইকেটে দলের ব্যাটিং লাইনআপ যতটা বড় করা যায়, তত ফায়দা। ১-৭ পর্যন্ত মূল ব্যাটসম্যানদেরকে দিয়েই খেলানোর পরিকল্পনা থাকবে। আটে ও নয়ে দেখা যেতে পারে সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজকে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন কোচ।
“লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলার চেষ্টা করছি। আমার মনে হয় এটা বড় রান করতে সাহায্য করবে। যখন অনেক বড় রান তাড়া করতে হবে তখন শেষ দিকে তিন-চার ওভারে অনেক উইকেট পড়তে পারে।”
“ঝড়ো ব্যাটিং করার ক্ষমতা সাব্বিরের রয়েছে। শেষের রান বাড়ানোর সামর্থ্য তার রয়েছে।...মাহমুদউল্লাহর বেলাতেও ব্যাপারটা একই। মোসাদ্দেক কি করতে পারে আপনারা দেখেছেন। এছাড়া মিরাজ, মিঠুন, সাইফুদ্দিনকে আমরা শেষ পর্যন্ত ব্যাট করতে দেখতে চাই। পাঁচ, ছয়, সাত , আট, নয় এমন পজিশনে তারা খেলবে। মাশরাফীও মারতে পারে।”
৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যদিয়ে পর্দা উঠতে যাচ্ছে দ্বাদশ আইসিসি বিশ্বকাপের। ২ জুন লন্ডনে কেনিংটন ওভালে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
