ফেভারিট ট্যাগ ভারত-ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেবে না: সাকিব

আপডেট : ২৩ মে ২০১৯, ০৯:৪২ পিএম

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে স্বাগতিক ইংল্যান্ডকে। বিশেষজ্ঞদের চোখে ভারতও শিরোপার অন্যতম দাবিদার। তবে ফেভারিট ট্যাগ এই দুলই দলকে বিশ্বকাপ এনে দেবে না বলে মন্তব্য করেছেন ওয়ানডেতে বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বকাপ নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা ‘ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস’ এর সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন সাকিব। এ সময় ওয়ানডেতে বাংলাদেশের সহ-অধিনায়ক বলেন বিশ্বকাপের আগে সব দলকেই দুর্দান্ত মনে হচ্ছে তার কাছে।

সাকিব তাই নির্দিষ্ট করে কোনো দলকেই এগিয়ে রাখতে চাইলেন না, ‘‘ভারত এবং ইংল্যান্ড অবশ্যই ফেভারিট। কিন্তু এটা আপনাকে মুকুট এনে দেবে না। বিশ্বকাপের মতো আসরে শিরোপা জিততে হলে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হবে।’’

সাকিব মনে করেন, ‘‘অস্ট্রেলিয়া সম্প্রতি সময়ে দারুণ খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ ঠিক সময়ে ফিরে এসেছে। সত্যি বলতে সব দলকেই মনে হচ্ছে তারা লড়তে তৈরি। নির্ভর করছে নির্দিষ্ট দিনে তারা কেমন করে।’’

নিজ দল নিয়ে বলতে গিয়ে সাকিব বেশ আশার কথাই শুনিয়েছেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে বলেও মন্তব্য তার। ‘‘আমি মনে করি এই সময়ে আমাদের বিশ্বকাপ জেতার সেরা সময়। কিন্তু টুর্নামেন্টের ফরম্যাটটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি আমরা সেটি করতে পারি, অবশ্যই আমরা বিশ্বকাপের নকআউট পর্বে খেলব এবং সেখান থেকে এগিয়ে যেতে পারব। আমি বিশ্বাস করি আমরা এই সময়ে ভালো করব।’’- বলেন সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত