সিলেটের জৈন্তাপুর উপজেলায় র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। এতে র্যাবের তিন সদস্য আহত হন। এ ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে। এদের আটক করার প্রতিবাদে স্থানীয়রা গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
র্যাব-৯ সূত্রে জানা যায়, চোরাকারবারিদের গ্রেপ্তার করতে গত বুধবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় চোরাকারবারিরা র্যাবের ওপর হামলা চালায়।
র্যাব জানায়, উপজেলার ফতেহপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রসহ সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে গত কিছু দিন ধরে ভারত থেকে চোরাই পথে গরুর চালান দেশে আসছিল। এর পরিপ্রেক্ষিতে র্যাব সদস্যরা অভিযানে গিয়ে চোরাকারবারিদের প্রতিরোধে মুখে পড়েন। এরপর র্যাব অভিযান চালিয়ে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে আটক করে। এদের আটক করার প্রতিবাদে গতকাল সকালে সিলেট-জৈন্তাপুর সড়ক অবরোধ করে স্থানীয়রা। বিকেল পর্যন্ত চলা অবরোধের কারণে এ সড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়ে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯-এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বলেন, গরু চোরাকারবারিদের গ্রেপ্তারে অভিযানে গেলে র্যাবকে বাধা দেওয়া হয়। পরে র্যাব চোরাকারবারি ও তাদের সহযোগীদের আটক করেছে।
জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, বুধবার মধ্যরাতে বালিপাড়া থেকে লালাখালের এক ব্যক্তিকে ভারতীয় গরুসহ আটক করে র্যাব। পথে পাচারকারী চক্রের কিছু সদস্য র্যাবের গাড়ি আটকে আসামি ও গরু ছিনিয়ে নেয়। এ ঘটনার পর র্যাব সদস্যরা আবার বালিপাড়া ও তিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২২ জনকে ধরে নিয়ে গেছে।
এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন।
