চলতি মৌসুমে নিজ নিজ দলে দুজনই খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না। আবাহনীর নির্ভরযোগ্য মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের ইনজুরি মামুনুল ইসলামকে সম্প্রতি কিছুটা সুযোগ করে দিলেও বসুন্ধরা কিংসের হয়ে একেবারেই সেই সুযোগ পাচ্ছেন না অভিজ্ঞ স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। তারপরও এই দুই অভিজ্ঞ ফুটবলারের ওপর আস্থা রেখেছেন আরও এক বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব পাওয়া ইংলিশ কোচ জেমি ডে। গতকাল ইংল্যান্ড থেকে ঢাকায় নেমেই সোজা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন এই কোচ। উদ্দেশ্য বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বে লাওসের বিপক্ষে দুটি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা। কম্বোডিয়ার বিপক্ষে গত মার্চে খেলা দলটি থেকে বাদ পড়েছেন ছয়জন। দলে ফিরেছেন চারজন ফুটবলার। আর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে যাচ্ছেন দুজন। বাদ পড়াদের মধ্য থেকে গোলকিপার শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার তপু বর্মণ ও মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ দলে নেই ইনজুরির কারণে। তাদের জায়গায় দলে ফিরেছেন আরামবাগের গোলকিপার মাজহারুল ইসলাম হিমেল, বসুন্ধরা কিংসের সেন্টারব্যাক নাসিরুদ্দিন চৌধুরী ও মামুনুল ইসলাম। সর্বশেষ বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে দলে ছিলেন মামুনুল। কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিবেচনায় আনা হয়নি তাকে। তবে সম্প্রতি আবাহনীর হয়ে এএফসি কাপে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে দলে নেওয়া প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘মামুনুল এ দেশের সেরা খেলোয়াড়দের একজন। কিছুদিন আগে দুর্দান্ত একটা গোল করেছে সে। তাছাড়া ও কিছুটা ওজনও কমিয়েছে। তার মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে প্রয়োজন আছে।
কারণ সে জানে এই ধরনের ম্যাচে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। তার অভিজ্ঞতাটা মাঠে এবং মাঠের বাইরে কাজে লাগবে।’ সবুজকে দলে ফেরানোর ব্যাখ্যায় জেমি বলেন, ‘ও খুব ভালো ফিনিশার। ক্লাবে হয়তো ও খেলার সুযোগ পাচ্ছে না। কিন্তু আমাদের এরকম একজন ব্যাকআপ স্ট্রাইকার প্রয়োজন যে খুব ভালো ফিনিশ করতে পারে। জীবন ও মতিন মিয়া খুব ভালো খেলছে, গোলও পাচ্ছে। আমি মনে করি সবুজের সংযুক্তি দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়াবে।’ আবাহনীর মিডফিল্ডার সোহেল রানাকেও দলে নিয়েছেন জেমি। ফর্মের কারণে বাদ দিয়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার সোহেল রানা, আবাহনীর উইঙ্গার রুবেল মিয়া এবং শেখ জামালের মিডফিল্ডার মনজুরুল রহমান। এএফসি অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো খেলা সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রিয়াদুল এবং আরামবাগের উইঙ্গার আরিফুর রহমান
প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন। লাওসের মাটিতে ৬ জুন প্রথম লেগের ম্যাচের পর ঢাকায় ১১ জুন হবে ফিরতি পর্ব। আজ দল নিয়ে
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জেমি। সেখানে ২ তারিখ পর্যন্ত হবে কন্ডিশনিং ক্যাম্প। পরের দিন দল যাবে লাওস। গোলকিপার : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল। ডিফেন্ডার : টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া। মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ, রবিউল হাসান। ফরোয়ার্ড : মতিন মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ।
