মোদির ভারতে মুসলিমদের ভয়

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:৩৬ এএম

ভারতের বিভিন্ন জায়গায় গত কয়েক বছরে মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের আমলে এই সহিংসতার ঘটনায় শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। গতকাল বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ায় ওই উদ্বেগ আবার ফিরে এসেছে।

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের কয়েক দিন আগে আসাম রাজ্যে শওকত আলী নামে এক মুসলিম ব্যবসায়ীকে লাঞ্ছিত করে উগ্র হিন্দুত্ববাদীরা। শওকত আলীকে হামলার সময় জোরপূর্বক মাথা নিচু করানো হয় এবং সে বাংলাদেশি কি না এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া কেন সে গরুর মাংস বিক্রি করে এমন প্রশ্নও করা হয়।

এখনো স্বাভাবিক হতে পারেননি শওকত আলী। বিবিসিকে তিনি বলেন, ‘তারা আমাকে লাঠি দিয়ে পেটায়। আমার মুখে মাথায় আঘাত করে তারা। আমার আর বেঁচে থাকার কোনো কারণ নেই। এই হামলা আমার গোটা জীবনের বিশ্বাসের ওপর করা হয়েছে।’ ভারতে বর্তমানে প্রায় ২০ কোটি মুসলিমের বসবাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে হিউম্যান রাইটস ওয়াচের করা এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মে থেকে ২০১৮ সালের  ডিসেম্বর পর্যন্ত ভারতের ১২টি রাজ্যে ৩৬ জন মুসলিম হত্যার শিকার হয়। এ ছাড়া উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ২৮০ জনের বেশি মুসলিম আহত হয়েছে। মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস ব্যবহার করে মোদি গোটা ভারতে মুসলিমবিরোধী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন বলে বলছে দ্য নেশন।

ভোপালে এবার বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ান বিতর্কিত প্রজ্ঞা সিং ঠাকুর। ২০০৮ সালে এক বোমা হামলায় ৬ মুসলিমকে হত্যার অভিযোগে প্রায় ৯ বছর জেলে ছিলেন তিনি। এবারের নির্বাচনের প্রচারে ঠাকুর মুসলিমদের বিরুদ্ধে ৪০০ বছরের পুরনো অপমানের প্রতিশোধ নেওয়ার বিষয়টি বিশেষ করে জায়গা পায়। এক র‌্যালিতে বাবরি মসজিদ ভাঙা নিয়ে তিনি বলেন, ‘আমি ওই অবকাঠামোর চূড়ায় উঠেছিলাম এবং তা ভেঙেছি। আমি সত্যিই গর্ববোধ করি যে, ঈশ্বর আমাকে ওই সুযোগ দিয়েছিলেন।’ প্রজ্ঞা ঠাকুরের মতো এমন আরও নেতা রয়েছেন মোদির থলেতে।

সরকারের শীর্ষস্থানীয় পদগুলোতে গত পাঁচ বছরে উগ্রপন্থি সংগঠন আরএসএসের অনেক কর্মীকে বসিয়েছেন মোদি। রিজার্ভ ব্যাংক, সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকেও বাদ দেওয়া হয়নি। এমনটি শিশুদের জন্য পাঠ্যবইগুলোতেও হিন্দুত্ববাদকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রচনা সংযোজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত