ঈদযাত্রা নিয়ে কাদের

টঙ্গী-গাজীপুর সড়ক নিয়ে আমি উদ্বিগ্ন

আপডেট : ২৪ মে ২০১৯, ০২:৩৯ এএম

আসন্ন ঈদে উত্তরাঞ্চলের মানুষের যাত্রায় টঙ্গী-গাজীপুরের সড়ক সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রোড ট্রানজিটের কাজ চলমান থাকার কারণে কিছুটা সমস্যা হতে পারে। আমি উদ্বিগ্ন এবং আমার আশঙ্কা হলো টঙ্গী-গাজীপুর রাস্তা নিয়ে।’ গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ের সড়ক ভবনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।  রাজধানী থেকে আবদুল্লাহপুর হয়ে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশিরভাগ যানবাহন টঙ্গী-গাজীপুর সড়ক হয়ে বের হয়। ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত রোড ট্রানজিটের কাজ চলায় এই পথে দুর্ভোগের শঙ্কা কাদেরের।

তবে শঙ্কার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি গাজীপুরের মেয়র, পুলিশ ও বিআরটিএ সেটা সমাধান করবে। এ ছাড়া সারা দেশের আর কোথাও কোনো সমস্যা হবে না।’

সভায় মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী তিনটি বাস টার্মিনাল থেকে যাত্রা নির্বিঘœ করতে আলাদা আলাদা কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ’র অতিরিক্ত সচিব মশিউর রহমান। এসব কমিটিতে সদস্য হিসেবে পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), সহকারী পুলিশ কমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক), সংশ্লিষ্ট থানা, ট্রাফিক ইন্সপেক্টর, পুলিশের প্যাট্রোল ইন্সপেক্টর, পরিবহন মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকদের রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত