বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মতো অমানবিক ও নিষ্ঠুর কাজ সরকার করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই কথা বলেন।
সরকার খালেদা জিয়াকে জেলখানায় বিনা চিকিৎসায় মেরে ফেলতে চায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি এতটুকু বলতে চাই, শেখ হাসিনার সরকার অমানবিক নয়। খালেদা জিয়া আইনগত কারণে হয়তো কারাগারে রয়েছেন। কিন্তু তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে, এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর কাজ সরকার করবে না।’
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ভারতের নির্বাচন নিয়ে কথা বলেন।
তিনি বলেন, ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়ের পর বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিসহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।
দলের কাউন্সিল ঘিরে সুবিধাবাদীরা প্রবেশ করতে পারে কি না, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সুবিধাবাদীদের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সুযোগ সন্ধানীরা চিরদিন এটা করে থাকে।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। বৈঠকে মুজিব বর্ষ পালন, আওয়ামী লীগের সাংগঠনিক সফরসহ ঈদের পর দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আইনবিষয়ক সম্পাদক ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
