পশ্চিমবঙ্গে বিজেপি নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৫ মে ২০১৯, ০১:০৩ এএম

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলার ঘটনা ঘটেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের লাউদোহা এলাকার পাটশাওড়া গ্রামে বাড়িতে ঢুকে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের হামলার

অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। গভীর রাতে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে ঢুকে রড দিয়ে মারধর ও বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার ভোরের দিকে পাটশাওড়া গ্রামের স্থানীয় তৃণমূলের কর্মী প্রতিমা বাগদির বাড়িতে রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা। হামলা ও ভাঙচুরের পর মারধর করা হয় তার পরিবারের নারীসহ অন্য সদস্যদের। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জানায়, বিজেপি নেতাকর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে। ঘর থেকে টেনে বের করে নারীদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুরের ফরিদপুর থানায় ইতোমধ্যেই একটি অভিযোগ করেছে তৃণমূল। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

রাজ্যের বাঁকুড়ার শালতোড়া এলাকায় তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্যুৎ দাস নামে এক স্থানীয় বিজেপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় তৃণমূল নেতা কালীপদ রায়ের নির্দেশে পুলিশের সামনেই গুলি চালিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা বলে অভিযোগ করেছে বিজেপি কর্মীরা।

লোকসভা নির্বাচনে ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪২ আসনের মধ্যে ৩৪২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি পায় ১৮টি আসন। গত নির্বাচনে এই রাজ্যে মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল দলটি। সূত্র : আনন্দবাজার, এই সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত