ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে লিবিয়ার নৌবাহিনী জানায়, ইউরোপগামী তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা
হয়েছে, গত বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে সাগরে তিনটি নৌকা অকেজো হয়ে পড়ার খবর জানায়। ওইদিন লিবিয়ার কোস্টগার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে করে নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে ভেড়াচ্ছিলেন। নৌকাটিতে ৮৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
তিনটি নৌকাতে থাকা বেশিরভাগ যাত্রীই আরব ও আফ্রিকান দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন। তাদের উদ্ধারের পর মানবিক ও চিকিৎসা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে লিবীয় কোস্টগার্ড আরও দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জনকে উদ্ধার করে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়েছে।
সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারান ৩৭ বাংলাদেশি নাগরিক। এরপর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার বিষয়টি নতুন করে সবার সামনে আসে। নিহতদের সঙ্গে থাকা ১৫ জন বাংলাদেশি নৌকাডুবি থেকে বেঁচে যান। ২১ মে তিউনিসিয়া থেকে দেশে ফেরেন তারা।
