আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাম না থাকার ব্যাখ্যা দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেছেন, ‘যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করেছে তারা আমাদের তথ্য পায়নি, যার কারণে র্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় নেই। যদি তারা আমাদের তথ্য পেত তাহলে আমরা অবশ্যই বিশ্ব র্যাংকিংয়ে জায়গা পেতাম।’ গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘আন্তর্জাতিক মানদ-ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও করণীয়’ শীর্ষক সেমিনারে উপাচার্য এ কথা বলেন। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে ঢাবি জায়গা না পাওয়ায় এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সেমিনারে ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বেকার সমস্যার কারণে শিক্ষার্থীরা শেখার আগ্রহ হারানোয় দেশের শিক্ষাপদ্ধতির মানে অবনতি হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের দেশে বেকার সমস্যা অনেক বেশি। এজন্য চাকরি নিশ্চিত করতে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের পরিবর্তে বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত থাকে।
সেমিনার পরিচালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী আল মুহতাসীম নিবিড়। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবীর। ঢাবির প্রো-ভিসি (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদ, প্রক্টর একেএম গোলাম রাব্বানী, ঢাবি রেজিস্ট্রার ড. এনামুজ্জামান, বিটিভির পরিচালক হারুনুর রশিদ, ডাকসুর কেন্দ্রীয় ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সেমিনারে অংশ নেন।
