প্রস্তুতিতেই অপ্রস্তুত ভারত

আপডেট : ২৫ মে ২০১৯, ১১:৫৫ পিএম

আইপিএলের রানের ফোয়ারা ছোটানো ভারত কন্ডিশনের পার্থক্য বুঝল। ভারতের মাটিতে গত মাসে ধুন্ধুমার রান তুলেছেন ভারত ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের মাটিতেও রান উঠবে এমন ধারণা ছিল সবার। কিন্তু বিধি বাম, নিজেদের মাটিতে অনায়াসে রান তোলা গেলেও ইংল্যান্ডে গতি ও সুইং সামলে রান করা খুব কঠিন। সেই কঠিন চ্যালেঞ্জের ঝাপটায় উড়ে গেল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ তারা। রোহিত শর্মা থেকে দিনেশ কার্তিক, প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের কেউই বড় রান তুলতে পারেননি। যে কারণে মাত্র ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে সহজেই জিতেছে বর্তমান রানার্সআপরা। নির্ধারিত ১৮০ রান ৩৭.১ ওভারে ৪ উইকেট হারিয়েই তুলেছে তারা।

রান তাড়া করতে কোনো বেগ পেতে হয়নি কিউইদের। যেন নিজেদের মাঠে খেলছিল তারা। কলিন মুনরো দ্বিতীয় ওভারে ফিরলেও গাপটিল, অধিনায়ক উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর নিউজিল্যান্ডের দারুণ প্রস্তুতি নিশ্চিত করেন। টেলর দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ৭১ রানে ফিরে যান। এছাড়া শুরুটা এনে দেন ২২ রান করা গাপটিল। টেইলরের সঙ্গে ৬৭ রান করা উইলিয়ামসন তৃতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন।

দলীয় সংগ্রহ আরও ছোট হতো ভারতের। ১২০ এর নিচেই গুটিয়ে যাওয়ার ভয় ছিল। ৮ নম্বরে নামা রবীন্দ্র জাদেজা হাফসেঞ্চুরি করায় রক্ষা। ৫০ বলে ৫৪ রানের ইনিংস খেলে প্রস্তুতিতে আরও লজ্জায় পড়ার হাত থেকে দলকে বাঁচান এই বাঁহাতি। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৯৯৯ বিশ্বকাপেও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচেও ভারতের সর্বোচ্চ স্কোরারের নাম ছিল জাদেজা। নামের মিল থাকলেও তিনি ছিলেন অজয় জাদেজা। স্পিনার কুলদ্বীপ যাদবকে (১৯) নিয়ে ৬২ রানের জুটি গড়ে দলের মান বাঁচান রবীন্দ্র জাদেজা। ভুবনেশ্বর কুমার অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার সময় ভারতের সংগ্রহ মাত্র ১১৫। ওই অবস্থান থেকে জাদেজা-কুলদ্বীপ জুটি দলকে ১৭৭ রানে নিয়ে যায়। দলীয় ওই সংগ্রহে জাদেজা আউট হওয়ার ২ রানের মাথায় ১৭৯ রানে ইনিংস গুটিয়ে যায় ভারতের।

এর আগে ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ের কাছে ভারতের শুরুটা ছিল খড়কুটোর মতো। চার ওভারের মধ্যে দুই ওপেনার রোহিত শর্মা ও ধাওয়ানকে হারাতে হয়। আরও দুই ওভার পর বিদায় নেন লোকেশ রাহুল। আর ১১তম ওভারে আসে সবচেয়ে বড় উইকেটটি। ডি গ্র্যান্ডহোমের খুনে ইনসুইং বুঝতে না পেরে সরাসরি বোল্ড হন কোহলি। ব্যাট ও প্যাডের মাঝে বিস্তর ফাঁকা ছিল ৩ চারে ১৮ রান করা এই ব্যাটসম্যানের। মহেন্দ্র সিং ধোনি ১৭ ও হার্দিক পান্ডিয়া ৩০ করে দলের রান কিছুটা বাড়ান। কিউই পেসারদের মধ্যে বোল্ট মাত্র ৬.২ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ১৭৯ (৩৯.২ ওভার) (জাদেজা ৫৪, পান্ডিয়া ৩০, যাদব ১৯, কোহলি ১৮, ধোনি ১৭; বোল্ট ৪/৩৩, নিশাম ৩/২৬)। নিউজিল্যান্ড : ১৮০/৪ (৩৭.১ ওভার) (টেইলর ৭১, উইলিয়ামসন ৬৭, গাপটিল ২২; বুমরাহ ১/২, পান্ডিয়া ১/২৬)।

ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত