নাটকে সাত চরিত্রে খন্দকার ইসমাইল

আপডেট : ২৬ মে ২০১৯, ১২:০৬ এএম

কখনো ডাক্তার, কখনো যাত্রাশিল্পী, আবার কখনো সংগীতশিল্পীÑ একই নাটকে এমন সাতটি বিচিত্র চরিত্রে দেখা যাবে জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা খন্দকার ইসমাইলকে। ‘ভাড়াবাড়ি, বাড়াবাড়ি’ শিরোনামের এই নাটকটি লিখেছেন মানসুরা নবী ও ঝন্টু বৈদ্য। এটি নির্মাণ করেছেন নুরুন্নবী রাসেল। খন্দকার ইসমাইল বলেন, ‘গল্পে দেখা যাবে আমি শহরে বসবাস করি। কিন্তু আমার বাবা থাকেন গ্রামে। বাবা শহরে না আসায় গ্রামের মানুষ আমাকে নিয়ে নানা অপবাধ দেয়। এদিকে বাবা তার গ্রামের বাড়িটি ভাড়া দিতে চান। বাবা যেন বাড়িটি ভাড়া দিতে না পারেন তাই আমি একেক সময় একেক রূপে তার কাছে আসি। এভাবে গল্পটি এগিয়ে যায়।’ গত বছর একটি নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় বিশ বছর পর অভিনয়ে ফেরেন খন্দকার ইসমাইল। এর আগে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’, ‘শ্রাবণে বসন্ত,’ ‘দ্বিতীয় পরমায়ু, ‘অরণ্যেরোদন’সহ বেশ কিছু নাটকে তাকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপী’, ‘আড্ডা’র উপস্থাপক ছিলেন তিনি। এখন এটিএন বাংলায় ‘স্মাইল শো’ উপস্থাপনা করছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত