আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির উদ্যোগে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় বাজেট’ শীর্ষক এক প্রাক-বাজেট সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
ঢাবি কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনার উদ্বোধন করেন। এতে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। পরিকল্পনামন্ত্রী বলেন, জাতীয় বাজেট প্রণয়ন ও দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে নাগরিকদের গঠনমূলক পরামর্শ বিবেচনা করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বস্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক ড. আতিউর রহমান ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
মূল প্রবন্ধে জাতীয় বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে পৃথক পৃথক বরাদ্দের আহ্বান জানানো হয়। প্রবন্ধকারগণ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
