‘গ্রামীণ আমেরিকা’র মতো যৌথ উদ্যোগে গ্রামীণ কাজাখস্তান গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটির প্রধানমন্ত্রী আসকার মামিনের আমন্ত্রণে সফরে গিয়ে এ ঘোষণা দেন তিনি। দেশটির সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গ্রামীণ কাজাখস্তান গড়ে তুলবে ইউনূস সেন্টার। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সম্প্রতি কাজাখস্তানে অনুষ্ঠিত ‘আস্তানা অর্থনৈতিক ফোরাম’ এ যোগদানের জন্য দেশটির প্রধানমন্ত্রী ড. ইউনূসকে আমন্ত্রণ জানায়। ওই ফোরামের একটি সেশনে প্রধানমন্ত্রী কাজাখস্তানের জন্য দারিদ্র্য বিমোচন কৌশল বিষয়ে তার মতামত জানতে চান। পরে কাজাখস্তানের প্রেসিডেন্সিয়াল বিষয়ক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বাকিতজান সেগিনতায়েভের কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে ড. ইউনূসের গ্রন্থ ‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’-এ তুলে ধরা বিভিন্ন বিষয় নিয়ে ৯০ মিনিটের বৈঠক শেষে গ্রামীণ কাজাখস্তান প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। গ্রামীণ কাজাখস্তান হবে একটি ক্ষুদ্রঋণ ব্যাংক যা ব্যাংকিং লাইসেন্সের অধীনে বিশেষ করে নারী ও তরুণদেরকে উদ্যোক্তায় পরিণত করতে আর্থিক সেবা দেবে। বিষয়টি চূড়ান্ত করতে জুনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা দিবসে প্রতিনিধিদল পাঠাবে কাজাখস্তান।
×
