অপহরণের তিন দিন পর বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি চথোয়াইমং মারমার (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার উজি হেডম্যানপাড়ার একটি বাগানবাড়ির পাশের পাহাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ রবিবার বান্দরবানে অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে চথোয়াইমং মারমার লাশের খবর পেয়ে পুলিশকে জানাই। চথোয়াইমং মারমা শহরের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে আগামীকাল (আজ রবিবার) অর্ধদিবস হরতাল পালন করা হবে।’
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপহরণের পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত বুধবার রাত ৯টার দিকে উজি হেডম্যানপাড়ার বাগানবাড়ি থেকে চথোয়াইমং অপহৃত হন। এ ঘটনার পর আওয়ামী লীগ সন্তু লারমার জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে।
এর আগে গত ৭ মে সদর উপজেলার রাজবিলা থেকে বিনয় তঞ্চঙ্গ্যা নামে এক জেএসএস সমর্থকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ৯ মে একই এলাকায় জয়মনি তঞ্চঙ্গ্যা নামে আরেক জেএসএস সমর্থক খুন হন। সর্বশেষ ১৯ মে সেখানেই অপরহণের পর খুন করা হয় আওয়ামী লীগ সমর্থক ক্য চিং থোয়াই মারমাকে।
