রাষ্ট্রপতি ফিরবেন আজ

আপডেট : ২৬ মে ২০১৯, ০২:৩০ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও জার্মানিতে ১১ দিনের সফর শেষে আজ দেশে ফিরবেন।

লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানান, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) গতকাল ৭টা ২ মিনিটে (লন্ডন স্থানীয় সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে এবং উড়োজাহাজটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য ১১ দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা হন। এ ছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে যান।

গত ১৫ মে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এর আগে গত বছরের জুলাইয়ে রাষ্ট্রপতি লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করান। আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে নিয়মিত লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত