ঐক্যবদ্ধ থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা যখনই একটা লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, তখনই জয়ী হয়েছি। স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছাতে জনগণের ঐক্য অপরিহার্য।’ গতকাল শনিবার সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে, মুক্তির লড়াইয়ে ঐক্যবদ্ধ হোন, কল্যাণ রাষ্ট্র গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্য আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা কেউ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেন না। তিনি বলেন, ‘তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সংবিধানকে কেটেছিঁড়ে তছনছ করে দিয়েছে।’
অনুষ্ঠানে আরও ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।
