পিছিয়ে গেল এই সুপারস্টারদের সিনেমা

আপডেট : ২৬ মে ২০১৯, ১১:১৮ এএম

পিছিয়ে গেল করণ জোহরের তারকাবহুল পিরিয়ডিক ড্রামা ‘তখত’। ২০২০ সালের প্রথম দিকে মুক্তির কথা ছিল সিনেমাটির।

মুঘল সম্রাট শাহজাহানের দুই ছেলে দারাশিকো ও আওরঙ্গজেবের ক্ষমতার লড়াইয়ের গল্প এই ছবিতে তুলে ধরবেন করণ। রূপালি পর্দায় ঐতিহাসিক চরিত্র চিত্রায়ণ মোটেই সহজ নয়। আর তাই শুটিং পিছিয়ে দিয়েছেন নির্মাতা।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ছবির প্রস্তুতিতেই লেগে যাচ্ছে অনেকটা সময়। মাস খানেক আগেই শেষ হওয়ার কথা ছিল প্রস্তুতি। কিন্তু এখনো শেষ হয়ে উঠতে পারেনি পুরোপুরি। পরিকল্পনামাফিক কিছুই এগোচ্ছে না। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যাবে আরও কয়েক মাস।

প্রথম ধাপের শুটিং শুরু হওয়ায় কথা ছিল জুন-জুলাই মাসে। কিন্তু, প্রস্তুতি শেষ না হওয়াতে তা পিছিয়ে দেওয়া হচ্ছে। শুটিং শুরু হবে বছরের শেষ থেকে। তাই মুক্তিও পিছিয়েছে। ২০২০ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘তখত’।

এই ছবিতে এক ফ্রেমে থাকবে বেশ কয়েকজন সুপারস্টারের সমাবেশ। ছবিতে রয়েছেন অনিল কাপুর, রণবীর সিং, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও জাহ্নবী কাপুরের মতো তারকারা।

‘তখত’-এ আওরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল, দারাশিকো হবেন রণবীর। কারিনা কাপুর খানকে দেখা যাবে শাহজাহানের মেয়ে জাহানারা বেগমের ভূমিকায় এবং আলিয়া ভাটকে দারাশিকোর স্ত্রী বেগম নাদিরা বানুর ভূমিকায়। ভূমি পেড়নেকরকে দেখা যাবে আওরঙ্গজেবের স্ত্রীর ভূমিকায়। শাহজাহান হচ্ছেন অনিল কাপুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত