বিশ্বকাপ শুরুর আগে রোববার পাকিস্তানের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ ছিল টাইগারদের। কার্ডিফের ম্যাচটিতে এদিন টসটাও হতে পারেনি। বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচ। তবে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেলেও হতাশ নয় বাংলাদেশ দল।
ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন, ‘‘ম্যাচ হলে অবশ্যই ভালো লাগত। বৃষ্টি নিয়ে কিছু তো করার নেই। তবে আমরা খুব একটা হতাশও নই।’’
প্রস্তুতি ম্যাচে সব দলের উদ্দেশ্যে থাকে নিজেদের ঝালিয়ে নেওয়া। শেষ মুহূর্তে প্রস্তুতির ঘাটতিটুকু পূরণ করে নেওয়া। তবে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে ইংল্যান্ডে পাড়ি দিয়েছে। বাংলাদেশের প্রস্তুতি নিয়ে তাই কোনো অতৃপ্তি নেই।
ঠিক এ কারণেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশ নন কোচ রোডস। ইংলিশ এই কোচ বলেন, ‘‘আয়ারল্যান্ডে সিরিজ খেলে এসেছি আমরা। দল বেশ ভালো অবস্থায় আছে এখন। ভারতের বিপক্ষে ম্যাচে অনুশীলনের আরেকটি সুযোগ আমাদের আছে। সেই ম্যাচটির দিকেই তাকিয়ে আছি আমরা।’’ মঙ্গলবার একই ভেন্যুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২ জুন ওভালে অনুষ্ঠিত ম্যাচটি। তবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স সেই ম্যাচের একাদশ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। অর্থাৎ প্রথম ম্যাচের একাদশ একরকম নিশ্চিত করে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
রোডস বলেন, ‘‘খেলা না হওয়া কোনো সমস্যা নয়। ভারতের বিপক্ষেও খেলা হোক বা না হোক, আমরা জানি কি করতে হবে। আমরা মোটামুটি পরিষ্কার, বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের একাদশ কেমন হবে।’’
