প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। গতকাল রবিবার গণভবনে জয়িতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
সভার শুরুতেই জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার। তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করছে জয়িতা। জয়িতা ফাউন্ডেশন সৃষ্টির মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মেয়েরা যাতে আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং সংসারে যেন তাকে মর্যাদা দেওয়া হয়। তার একটি ক্ষেত্র জয়িতা।
এ সময় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে জয়িতা ফাউন্ডেশনের আর্থিক ক্ষমতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপসচিব কে এম শাখাওয়াত মুন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোগের রাজনীতি করে না। নারীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে সরকার তাদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করছে। শেখ হাসিনা বলেন, নারী উদ্যোক্তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বহুমুখী ব্যবসায় উদ্যোগের সঙ্গে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারে।
নারী উদ্যোক্তা ও কর্মীদের নারী-পুরুষের সুষম উন্নয়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি সমাজকে গড়ে তুলতে হলে নারী-পুরুষ সবাইকে সঙ্গে নিয়েই একসঙ্গে এগিয়ে যেতে হবে। কেউ পেছনে পড়ে থাকলে সমাজটা পঙ্গু হয়ে যাবে।
উল্লেখ্য, নারী উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত ব্যবসা প্রতিষ্ঠান জয়িতা ফাউন্ডেশন। এর পরিচালক নিয়োগ ও নিজস্ব ভবন করার বিষয়ে আলোচনার জন্য গণভবনে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
