চট্টগ্রামের মিরসরাইয়ে বিকল ট্রাকের পেছনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আরোহী তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে মিরসরাই পৌরবাজারের ডাকবাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়াপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে রাকিব হোসেন (২১), পূর্ব খৈয়াছরা গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (২০) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার মাহবুবুল হকের ছেলে মো. রিফাত (২০)। স্থানীয়দের বরাত দিয়ে মিরসরাই থানার ওসি জাহেদুল কবির জানান, রাত ৯টার
দিকে পৌরবাজারের ডাকবাংলোর সামনে বিকল একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ওই তিন মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থলে মারা যান রাকিব ও রিফাত। গুরুতর আহত তারেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। মোটরসাইকেল চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার কারণ জানিয়ে ওসি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর সায়েদাবাদে অজ্ঞাত গাড়ির চাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হন। জামালপুরের মেলান্দহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক উপসহকারী প্রকৌশলী নিহত হন। গতকাল সন্ধ্যার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আরেকজন নিহতের খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, গতকাল সকাল ১০টার দিকে সায়েদাবাদে অজ্ঞাত গাড়ির চাপায় হরি বাবু (৫০) নামে এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে থাকতেন।
এদিকে জামালপুরের মেলান্দহ থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ (৬০) নিহত হন। তিনি ইসলামপুর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ছিলেন। জামালপুর শহরের নয়াপাড়া এলাকায় তার বাড়ি। দুর্ঘটনায় আহত তিনজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায়।
নাচোল থানার ওসি (তদন্ত) আবদুল হান্নান জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার খলসি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাহাদাত হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি উপজেলার ফতেপুর মিরকাডাঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহী আহত হন। প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ব্যবহার হয়েছে।
