রাজধানীর মালিবাগ মোড়ে গতকাল রবিবার রাতে পুলিশের গাড়িতে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আহত ট্রাফিক পুলিশের এএসআই রাশেদা আক্তার (২৮) ও রিকশাচালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া
ট্রাফিক পুলিশের সার্জেন্ট এনামুল হক বলেন, রাশেদা দায়িত্বরত ছিলেন। রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে পাশের গাড়িতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, কেউ হাতবোমা নিক্ষেপ করেছিল। আহতদের প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে এবং পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাশেদা বাম পায়ে ও লাল মিয়া মাথায় আঘাত পেয়েছেন।
পুলিশের মতিঝিল বিভাগের এসি মিশু বিশ্বাস বলেন, ‘কে বা কারা হামলা করেছে নিশ্চিত হতে পারিনি। তদন্ত চলছে।’ পল্টন থানার পরিদর্শক আবু সিদ্দিক জানান, মালিবাগ মোড়ে পেট্রলপাম্পের উল্টো দিকে ফ্লাইওভারের নিচে এসবির একটি গাড়ি পার্ক করা ছিল। তার পেছনে একটি পিকআপ ছিল। হঠাৎ পিকআপে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে পেট্রলপাম্প থেকে অগ্নিনির্বাপণ সরঞ্জাম এনে আগুন নেভানো হয়।
আহত রাশেদা জানান, তিনি ডিউটিতে ছিলেন। এ সময় একটি হাতবোমা তার পাশেই বিস্ফোরিত হয়। এতে তার পায়ে আঘাত লাগে। এ সময় পুলিশের গাড়ির পেছনে আগুন ধরে যায়। আহত লাল মিয়া জানান, তার বাসা তেজকুনিপাড়া। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসে ছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়।
