‘এটি ইম্প্রোভাইজড ককটেল, আগেই পাতা ছিল’

আপডেট : ২৭ মে ২০১৯, ০২:০০ পিএম

রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরিত ককটেলটি পেতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড ককটেল ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখতে গিয়ে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, “মালিবাগ মোড়ে বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এটি একটি ইম্প্রোভাইজড ককটেল। আগে থেকেই এটা গাড়িতে পেতে রাখা হয়েছিল।”

তিনি বলেন, “ঘটনার পর আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, আগে থেকেই গাড়িতে ককটেলটি পেতে রাখা হয়েছিল।”

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান মিয়া বলেন, “একটি মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং পুলিশের মনোবল নষ্ট করার চেষ্টা করছে।”

উল্লেখ্য, রোববার রাত ৯টার দিকে মালিবাগ মোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে বিস্ফোরণে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়া ও এক পথচারী আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত