মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়কত্বের প্রশংসা আগেও বেশ ক’বার করেছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। বিশ্বকাপের আগে আইসিসির ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আরেকবার মাশরাফীর নেতৃত্ব নিয়ে মুগ্ধতার কথা জানালেন এই ইংলিশ কোচ। বললেন, প্রকৃত যোদ্ধার মতো নেতৃত্ব দেন মাশরাফী।
২০১৫ সালে মাশরাফীর নেতৃত্বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ। বিশ্বকাপের পর মাশরাফীর নেতৃত্বে এসেছে ধারাবাহিক সাফল্য। ওয়ানডে ক্রিকেটে যা অন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে।
মাশরাফীর নেতৃত্ব নিয়ে রোডস বলছেন, ‘‘মাশরাফী যোদ্ধার মতো নেতৃত্ব দেয়। সব পরিস্থিতিতে দলকে সামনে থেকে পথ দেখায়। দলের সবাই তাকে খুব শ্রদ্ধা করে। সে নিজে যেটা করতে পারবে না সেটা কখনো দলের অন্য কাউকে করতে বলে না।’’
মাশরাফীর প্রধান গুন এক সুতায় দলকে গাঁথতে পারা। রোডস সেই বিষয়টিও সামনে আনলেন, ‘‘দলের সবাই ওদের অধিনায়কের জন্য সবকিছু করতে প্রস্তুত। এটা যেকোনো অধিনায়কের বড় একটি গুণ। আমি তাকে সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের সম্পর্কের উন্নতির জন্য কাজ করি। দুজনের রসায়নটা বেশ কাজ করছে বলেই মনে হচ্ছে।’’
আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে জানালেন রোডস, ‘‘সবচেয়ে বড় বিষয় ড্রেসিং রুমের সবাই খুব আত্মবিশ্বাসী। আমরা এ বিষয়ে বেশ সচেতন যে আমরা বেশ কিছু ভালো দলের সঙ্গে খেলব। আমরা প্রতিপক্ষকে সম্মান করছি। তবে আমরা তাদের ভয় করি না। তবে আমাদের নিচ থেকেই শুরু করতে হবে। ঠিক আন্ডারডগের মতো।’’
