জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আসছে ঈদুল ফিতরে বেশ কিছু চমক নিয়ে হাজির হবেন তিনি। অভিনয় করেছেন ঈদের সাত পর্বের একাধিক ধারাবাহিক, খন্ড নাটক ও টেলিছবিতে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
সাত পর্বের দুই ধারাবাহিক
ঈদের ছুটিতে দর্শক একটু হাসি-ঠাট্টার নাটক দেখতে চায়। সেদিক বিবেচনা করে এবার কমেডি নির্ভর দুটি সাত পর্বের ধারাবাহিকে অভিনয় করেছি। একটির নাম ‘নারী বিশেষজ্ঞ নবিজুবুল্লাহ’। ফরিদের পরিচালনায় এ নাটকে আমার সহশিল্পী আ খ ম হাসান। আরেকটি ধারাবাহিকের নাম ‘ডায়বেটিকস’। আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় এ নাটকে আমার সহশিল্পী জাহিদ হাসান। দুটি নাটকই গ্রামের পটভূমিকায়। ‘ডায়বেটিকস’ নাটকে আমি থাকি গ্রামের চেয়ারম্যানের মেয়ে। জাহিদ হাসান আমাদের থেকে অর্থনৈতিকভাবে গরিব। তার ডায়াবেটিস রোগ ধরা পড়ে। তিনি বিশ্বাস করেন এটা বড়লোকের রোগ। যেহেতু তার এই রোগ হয়েছে তাই তিনি নিজেকে বড়লোক ভাবতে থাকেন। তাই আমাকে তিনি প্রেমের প্রস্তাব দেন।
ঈদের নাটক ও টেলিছবি...
আমি তো খুব বেছে কাজ করি। সেই হিসেবে অনেক দিন পর অনেকগুলো কাজ করে ফেলেছি। এবার ঈদে সাত পর্বের দুটি ধারাবাহিকের পাশাপাশি একটি খ- নাটক ও একটি টেলিছবি প্রচার হবে আমার। নাটকটির নাম ‘শেষ পর্যন্ত’। এতে আমার নায়ক এফ এস নাঈম। আর ‘ফেরা’ নামের টেলিছবিটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এই কাজটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। এখন তো দুই দিনে নাটকের কাজ শেষ হয়, কিন্তু আমরা পদ্মার চরে টানা ছয় দিন কাজ করেছি। আমি ওই পরিবেশে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। ১০৪ ডিগ্রি জ¦র নিয়ে শ্যুটিং করেছি। আসলে ভালো একটি কাজ করতে গেলে কষ্ট সহ্য করতে হয়। এ নাটকে আমি ময়না নামের একজন এনজিওকর্মী। এতই রক্ষণশীল পরিবারের মেয়ে যে ঘর থেকে বেরোলেই বোরকা পরতে হয়। কিন্তু তার মধ্যে আমি নানা ধরনের নির্যাতনের শিকার হই। আমি আপ্রাণ চেষ্টা করি জীবনের ছন্দে ফিরতে, কিন্তু কিছুতেই আর ফেরা হয় না। নাটকটি দর্শকের মনে দাগ কাটবে বলে আমার বিশ^াস। এটি বাংলাভিশনে প্রচার হবে।
নাটক ও বাস্তবতা...
এখন নাটকের জনপ্রিয়তা যে ইউটিউব ভিউ দেখে মাপা হচ্ছে এই নীতিতে আমি বিশ্বাসী নই। এসবের চেয়ে আমি গুরুত্ব দিই নতুন কী চরিত্র করলাম, তাতে কী অভিনয় করলাম তার দিকে। আজ থেকে ৫০ বছর পর কাজ নিয়ে আলোচনা না হলে সে কাজের সার্থকতা নেই। ভিউ বেশি বানাতে গেলে কী কী করতে হয় তা সবাই জানে। এটা সহজ পদ্ধতি। এখন নাটকের চেয়ে মেকআপের ভিডিও দিয়ে অনেক বেশি ভিউ পাচ্ছে কেউ কেউ। তাই বলে কি সে নাটকের শিল্পীর চেয়ে জনপ্রিয়? আমার কপাল খারাপ যে এমন একটি অসুস্থ সময়ে আমি কাজ করছি। তবে এগুলো নিয়ে আমি চিন্তিত নই। আমি ভিউ না শুনে সারাজীবন আর্টের চর্চাটা করতে চাই।
