২০ বছর পর একসঙ্গে চম্পা-অরুণা

আপডেট : ২৮ মে ২০১৯, ১২:৪৯ এএম

২০ বছর আগে শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের গুণী দুই অভিনেত্রী গুলশান আরা চম্পা ও অরুণা বিশ্বাস। সেই সিনেমায় ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন যমজ চরিত্রে। তিনি চম্পা-অরুণা দুজনেরই নায়ক ছিলেন। এরপর আর একসঙ্গে কাজ করা হয়নি এই দুই অভিনেত্রীর। দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাদের। তবে এবার তাদের দেখা যাবে নায়ক ও নায়িকার মায়ের চরিত্রে। সিনেমার নাম ‘শান’। এতে নায়ক সিয়ামের মা হিসেবে দেখা যাবে চম্পাকে আর নায়িকা পূজার মায়ের চরিত্রটি করছেন অরুণা বিশ্বাস। গত রোববার ঢাকায় শ্যুটিং শুরু হয়েছে সিনেমাটির। চম্পা বলেন, ‘অনেক দিন পর আমরা দুজন আবার একসঙ্গে কাজ করছি। বেশ ভালো লাগছে। এত দিন একসঙ্গে কাজ না করলেও মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দুজনের দেখা হতো। আমরা একসঙ্গে করা আগের সিনেমাগুলোর গল্প করি। সেই সময়কার শুটিংয়ের মুহূর্তগুলোতে ফিরে যাই। ভালো কাজের গল্প করি, ভুলগুলো নিয়ে গল্প করি। এই ছবির শুটিংয়ে আমাদের বেশ ভালো সময় কাটছে।’ ‘শান’ সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। পরিচালনা করছেন এম রাহিম। এতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত