পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার পরেই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হেরেছিল ইংল্যান্ড। সেই হারের ছন্দপতন গতকাল ৯ উইকেটের বড় জয়ে মুছে দিয়েছে স্বাগতিকরা। কেনিংটন ওভালে গতকাল আফগানিস্তান পাত্তাই পায়নি। প্রথমে ব্যাটিং করে তারা ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানে অল আউট হয়। জবাবে মাত্র ১৭.৩ এভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড। মাত্র ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন জেসন রয়।
নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আফগানরা যে আশা জাগিয়েছিল গতকাল তা ধরে রাখতে পারেনি। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। একসময় মনে হচ্ছিল একশো রানের আগেই শেষ হবে
আফগানিস্তানের ইনিংস। কিন্তু তারা দেড়শো রানের গ-ি পার করেছে মোহাম্মদ নবির ৪৪ রানের কল্যাণে। দলের পক্ষে নুর আলি জাদরান করেন ৩০ রান। ইংলিশ বোলারদের মধ্যে জোফরা আর্চারের গতি সামলাতে শুরু থেকেই হিমশিম খাচ্ছিল আফগান ব্যাটসম্যানরা। এরপর জো রুট আঘাত হানেন। এই দুজন আফগানিস্তানের ৬ উইকেট সমানভাগে ভাগ করে নেন। অল্প রানে আফগানদের থামিয়ে দেওয়ার ঝড় তোলেন দুই ইংলিশ ওপেনার। সাত ওভারে ৭৭ রানের জুটি গড়েন তারা। গতকাল ইয়ন মরগান মাঠে নেমেছিলেন। তাকে ব্যাট করতে হয়নি। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক বলেন, ‘ভালো পারফর্ম করেছি। আফগানিস্তান শক্তিশালী দল। আজ (গতকাল) ব্যতিক্রমীভাবে দারুণ ফর্মে ছিল রয়। বেয়ারস্টো ভালো করেছে। বোলাররা সমন্বিতভাবে ভালো বোলিং করেছে।’ ওদিকে ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ১৬০ (৩৮.৪ ওভার) (নবি ৪৪, আলি জাদরান ৩০, দাওলাত জাদরান ২০*; রুট ৩/২২, আর্চার ৩/৩২)।
ইংল্যান্ড : ১৬১/১ (১৭.৩ ওভার) (রয় ৮৯*, বেয়ারস্টো ৩৯, রুট ২৯*; নবি ১/৩৪)।
ফল : ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
