বগুড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনার বিচার দাবি করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে এ হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় হামলাকারীদের কয়েকজনের নাম প্রকাশ করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন।
গত রবিবার বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে ভিপি নুরসহ তার সঙ্গীরা হামলার শিকার হন। পরে আহত নুরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অপরাজেয় বাংলায় আসেন পরিষদের নেতাকর্মীরা। পরে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন জানান, ভিডিও ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলাকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলো বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম।
মামুন বলেন, ‘ডাকসু ভিপির ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত ছাত্রলীগ আমাদের ওপর যত হামলা চালিয়েছে তার একটিরও বিচার হয়নি। এ কারণেই বগুড়ায় ফের হামলার ঘটনা ঘটছে। হামলাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছেও দাবি জানিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচার করা না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। সন্ত্রাসীরা একের পর এক আমাদের ওপর হামলা করছে। কিন্তু সে হামলার বিচার আমরা পাচ্ছি না।’ অনতিবিলম্বে ডাকসু ভিপির ওপর হামলার বিচার দাবি করেন তিনি। মানববন্ধনে আরও বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান ও মশিউর রহমান প্রমুখ।
