ভোটে জিতলেই চলবে না, হৃদয় জয় করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০১৯, ০২:২৬ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার আহ্বান জানিয়ে বলেছেন, শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে। তিনি বলেন, জনস্বার্থে যদি কাজ করেন, মানুষের হৃদয় যদি আপনি জয় করতে পারেন, তাহলে দেখবেন জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। রাজনীতিটা যদি ব্যক্তিস্বার্থে হয় তাহলে সে রাজনীতি কখনো জনগণের কল্যাণ করতে পারে না।

গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা। নবনির্বাচিতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের ওপর বিরাট দায়িত্ব। তাই মনে রাখতে হবেÑ জনপ্রতিনিধি হওয়া মানেই জনগণের জন্য, শুধু যারা আপনাকে ভোট দিয়েছে তারা নয়, আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি। আমি আওয়ামী লীগের সভাপতি কিন্তু যখন প্রধানমন্ত্রী তখন সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। দল-মত নির্বিশেষে সবার কল্যাণ করাই আমার দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, আপনারাও সেভাবে নিজেকে মনে করবেন এবং স্ব-স্ব দায়িত্ব আপনারা পালন করবেন। শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং বিশ্বের দরবারে যে মর্যাদার আসন করে নিয়েছে সেটা অব্যাহত থাকবে। আপনারা সেভাবেই কাজ করবেন এবং আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা পাবেন।

প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথবাক্য পাঠ করান। পরে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম একই স্থানে সংরক্ষিত আসনসহ ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪৪ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত করতে সক্ষম হয়েছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেনÑ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে আপনাদের গণসচেতনতা

গড়ে তুলতে হবে এবং এসব প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত