রাজধানীর পোস্তগোলা সেতুর ঢালে ট্রাকের ধাক্কায় সুমা আক্তার (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কেরানীগঞ্জ মজিদ বেয়ারা বাজার এলাকার কুয়েত প্রবাসী আসাদ মিয়ার স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দুপুর ১২টার দিকে পোস্তগোলা সেতুর ঢালে ট্রাকের ধাক্কায় ৮ মাসের অন্তঃসত্ত্বা সুমা আহত হন। ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুমার দুই ছেলে রয়েছে। ছোট ছেলে সুস্ময় জানায়, কেরানীগঞ্জের বাসা থেকে সকালে টাকা তোলার জন্য শ্যামপুরে ইসলামী ব্যাংকে আসেন তার মা। টাকা তুলে বাসায় যাওয়ার জন্য পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে কেরানীগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল দুপুরে আশুলিয়ায় অটোরিকশার ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ভোর ৫টার দিকে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ বাজার এলাকার মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই লিচু ব্যবসায়ী নিহত হন। বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মারা যান এক যুবক। এ দিন মাগুরার ইছাখাদা এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। আগের দিন রাতে চট্টগ্রামে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। রাত ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাটে বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন জানান, গতকাল বেলা ৩টার দিকে নরসিংহপুর-কাশিমপুর শাখা সড়কের বাংলাবাজার স্ট্যান্ড এলাকায় অটোরিকশার ধাক্কায় শিরিন বেগম (৫৫) নামে পথচারী নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উত্তর সারুয়া গ্রামের মৃত সিদ্দিক হোসেনের মেয়ে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
গাজীপুরের শ্রীপুরের ঘটনায় মাওনা হাইওয়ে থানার এসআই হরিদাস কুমার জানান, গতকাল বেলা ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাপায় ফখরুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ইছাইল বেপারীপাড়া গ্রামের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, গতকাল ভোর ৫টার দিকে সদর উপজেলার কাউগাঁ বাজার এলাকার মোড়ে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মোটরসাইকেল চালক সদর উপজেলার বনতাড়া গ্রামের আমিজ আলী (৩৫) ও চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকার কিতাব উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৫৮)। তারা লিচু ব্যবসায়ী ছিলেন। এদিকে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ শাকুর আহম্মেদ জানান, গতকাল সকাল ৭টার দিকে শহরের ইছাখাদা এলাকায় আরএফএলের ডিপো অফিস থেকে একটি কাভার্ড ভ্যান মালামাল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের হেলপার নাঈম (২৭) ও পিকআপের চালক শাহাদত হোসেন (২৪) মারা যান। শাহাদতের বাড়ি মুন্সীগঞ্জে। আর নাঈমের বাড়ি ফরিদপুরের মধুখালী। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আহত দুজনের চিকিৎসা চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গত রবিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার ফুলকলি কারখানার সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত রুবেল (৩৫) নিহত হন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জের আলী হোসেনের ছেলে।
বাগেরহাটের ঘটনায় কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ জানান, রবিবার রাত ১০টার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় বাসচাপায় অজ্ঞাত এক নারী (৬৫) পথচারী নিহত হন। স্থানীয়রা জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা কয়েক দিন ধরে তাকে মাদ্রাসাঘাট বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই। প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ব্যবহার করা হয়েছে।
