ছুটিতে থাকাকালেই চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক। পরে তারা যোগদান করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন। ওই চার কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। এছাড়া পদোন্নতি আদেশ কার্যকর না করার বিষয়ে লিখিতভাবে জানিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ছুটিতে যান উপাচার্য এস এম ইমামুল হক। কর্মকর্তারা জানান, ছুটিতে থাকাকালীন তিনি পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানকে উপপরিচালক, একই শাখার উপপরিচালক মো. হুমায়ুন কবীরকে পরিচালক, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সুব্রত কুমার বাহাদুরকে পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব এবং নির্বাহী প্রকৌশলী মো. মুরশীদ আবেদীনকে উপপ্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দিয়ে নিয়োগপত্র দেন। পদোন্নতিপত্র পেয়ে চারজনই গত ১২ মে বিশ্ববিদ্যালয় বরাবর যোগদানপত্র দাখিল করেন।
ট্রেজারার ও উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত এ কে এম মাহবুব হাসান জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা ভঙ্গসহ একাধিক নিয়ম লঙ্ঘনের কারণে ওই চার কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে গত ২৩ মে সহকারী রেজিস্ট্রার সোলাইমান খান স্বাক্ষরিত স্মারক তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
