লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল ভারত। নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে বাংলাদেশের চাই ৩৬০ রান।
মঙ্গলবার কার্ডিফে টস হেরে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল ৭ উইকেটে ৩৫৯ রানের পুঁজি গড়ে। লোকেশ রাহুল ১০৮ ও মহেন্দ্র সিং ধোনি ১১৩ রান করেন। এ ছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৪৭ রান।
৩০ মে বিশ্বকাপ শুরুর আগে দুই দলের এটিই শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর ভারত নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছিল নিউজিল্যান্ডের কাছে।
এদিন শুরুতে ভারত বেশ ভুগছিল বাংলাদেশি বোলারদের সামনে। রোহিত শর্মা যেমন ১৯ রান করলেন ৪২ বল খেলে। শিখর ধাওয়ান ১ ও বিজয় শংকর ২ রানের বেশি করতে পারেনি। তবে তিনে নামা কোহলি ফিফটি ছোঁয়া স্কোর করলেন। আর পঞ্চম উইকেটে ১৬৪ রান যোগ করে ভারতকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিলেন ধোনি ও রাহুল জুটি।
সাব্বির রহমানের বলে ফেরার আগে রাহুল ৯৯ বলে নিজের ইনিংস সাজান ১২টি চার ও ৪ ছক্কায়। ধোনি সাকিবের বলে বোল্ড হওয়ার আগে ৭৮ বলে ৮ চার ৭ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।
এর আগে ম্যাচ মাঠে গড়ানোর পর প্রথম ওভারেই বৃষ্টি হানা দিয়েছিল। সেই বৃষ্টি থেমেছে দ্রুতই। ফের খেলা শুরুর পর দ্রুতই শিখর ধাওয়ানকে ফিরিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে বিরাট কোহলিকে নিয়ে আরেক ওপেনার রোহিত শর্মা উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। এই জুটি যখন ভয়ংকর হওয়ার আভাস দিচ্ছিল, ঠিক তখনই আঘাত হানেন রুবেল হোসেন। নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়েছিলেন ডানহাতি পেসার।
দলীয় ১৪তম ওভারে রুবেল প্রথম বল হাতে নিয়েই রোহিতকে ফিরিয়ে দেন। রুবেলের শর্ট বল পুল করতে চেয়েছিলেন রোহিত। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল স্টাম্পে আঘাত হানে। তাতে ৫০ রানে ২ উইকেট হারায় ভারত। ৪২ বলে ১ চারে ১৯ রান করেছেন রোহিত। এর আগে দলীয় ৫ রানে মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন শেখর ধাওয়ান।
১৯তম ওভারের চতুর্থ বলে কোহলিকে বোল্ড করেন সাইফউদ্দিন। তার ইয়র্কার বলটি যেন বুঝতেই পারলেন না কোহলি। ফ্লিক করতে চেয়েছিলে। কিন্তু স্টাম্প উপড়ে দেয় সাইফউদ্দিনের বলটি। ৪৬ বলে ৫ চারে ৪৭ রান করে ফিরেছেন কোহলি।
এরপর বিজয় শংকরকে নিজের দ্বিতীয় শিকার বানান রুবেল। ২ রান করা শংকর উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।
তবে চারে নামা রাহুল ও ছয়ে নামা ধোনি এরপর গেড়ে তোলেন প্রতিরোধ। সাতে নেমে পান্ডিয়া খেলেনে ২১ রানের ইনিংস। তাকে ফেরান সাকিব আল হাসান। দিনেশ কার্তিক ৭ ও রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত ছিলেন।
