বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৪২১ রানের পুঁজি গড়েছে ক্যারিবীয়রা।
মঙ্গলবার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ব্রিস্টলে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড। টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল কিউইরা। তাতে ব্যাটিং প্রস্তুতিটা মনের মতো সেরে নিয়েছে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৪২১ রান করে দলটি।
ক্যারিবীয়রা রানের পাহাড়ে উঠেছে শেই হোপের সেঞ্চুরিতে। ৮৬ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। ফিফটি পেয়েছেন ইভিন লুইস, আন্দ্রে রাসেল।
লুইস ৫৪ বলে ১ ছক্কা ও ৬ চারে ৫০ রান করেন। রাসেলের ব্যাটে ছিল ঝড়। ২৫ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৫৪ রান করেন। অধিনায়ক জেসন হোল্ডার ৩২ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৭ রান করেন।
এ ছাড়া ব্যাটিংয়ে কম বেশি রান পেয়েছে প্রায় সবাই। ক্রিকেট গেইল ২২ বলে ৩ ছক্কা ও ৪ চারে করেন ৩৬ রান। ড্যারেন ব্রাভো ২৫, হেটমেয়ার ২৭ রান করেন।
কিউই বোলারদের মধ্যে সবচেয়ে বেশি হতাশায় পুড়েছেন ম্যাট হেনরি। ৯ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন তিনি ১০৭ রান খরচায়। ট্রেন্ট বোল্ট সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। নিউজিল্যান্ড নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারায় ভারতকে।
