গ্লাস ও সিলিকেট শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোয় বিভাগীয় ও জেলা শহরে উচ্চতর দক্ষ শিফট ইনচার্জ, ফোরম্যানদের ১০ হাজার টাকা মূল মজুরির সঙ্গে ৫ হাজার টাকা বাড়িভাড়া ভাতাসহ মোট ১৬ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন গ্রেড-৩ পদে কর্মরত শ্রমিকদের বিভাগীয় ও জেলা শহর পর্যায়ে ৫ হাজার টাকা মূল মজুরিসহ মোট ৯ হাজার টাকা এবং অন্যান্য এলাকায় ৫ হাজার টাকা মূল বেতনসহ সাড়ে আট হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
শ্রম মন্ত্রণালয় থেকে জারি করা নতুন মজুরি কাঠামোতে বলা হয়েছে, গ্লাস শিল্পে দক্ষ ফিটার, টার্নার, ব্লাকস্মিথ, কার্পেন্টার, প্রেসম্যান, অপারেটর, ওয়েল্ডার, মিলিংম্যান, মেকানিক, রোলারম্যান, সেপারম্যান, জয়েন্ট ব্লোয়ার, হেড লেয়ার চেকার, মেশিনম্যান, সহকারী ফোরম্যান, কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর, বয়লার মিস্ত্রিদের বিভাগীয় শহর ও জেলা শহরে ৯ হাজার ১৭০ টাকা মূল মজুরিসহ মোট মজুরি দাঁড়াবে ১৫ হাজার ২৫৫ টাকা। মেসন, ফায়ারম্যান, ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান, ওয়াটার পাইপ ফিটার, বাবলাদের ৮৩৪০ টাকা মূল মজুরিসহ মোট মজুরি দাঁড়াবে ১৪ হাজার ১০ টাকা। সেমি স্কিল্ড টেকনিশিয়ান, সহকারী ফিটারদের ১৩ হাজার ১৭৬ টাকা মোট মজুরির মধ্যে মূল মজুরি ধরা হয়েছে আট হাজার ৩৪০ টাকা।
সিলিকেট শিল্পে উচ্চতর দক্ষ শ্রমিকদের মধ্যে এমটি ও শ্রমিকরা বিভাগীয় ও জেলা শহরে ১০ হাজার টাকা মূল মজুরিসহ মোট মজুরি হবে ১৬ হাজার ৫০০ টাকা। স্কিল্ড শ্রমিক-১, এইস এস টি ও সমমানের শ্রমিকরা ৯ হাজার ১৭০ টাকা মূল মজুরিসহ মোট ১৫ হাজার ২৫৫ টাকা ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, নতুন মজুরি কাঠামো শিল্প খাতের শ্রমিক ও কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি হিসেবে গণ্য হবে এবং কোনো কারণেই কোনো শ্রমিক বা কর্মচারীকে ন্যূনতম মজুরি অপেক্ষা নিম্নতর মজুরি দেওয়া যাবে না। কোনো শ্রমিক বা কর্মচারী ইতিমধ্যে উক্ত ন্যূনতম মজুরি অপেক্ষা অধিক হারে মজুরি পেয়ে থাকলে তার মজুরি কমানো যাবে না। তবে নিয়োগকর্তা বা মালিক ইচ্ছা করলে স্ব-উদ্যোগে এককভাবে বা যৌথ উদ্যোগে সম্পাদিত চুক্তি অনুযায়ী শ্রমিক ও কর্মচারীদের কাঠামোতে উল্লেখ করার চেয়ে বেশি মজুরি দিতে পারবেন।
