দিনাজপুরের হাকিমপুরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদকে (৩৮) গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আগত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১০টায় হাকিমপুরের দক্ষিণ বাসুদেবপুরের মিশন স্কুল মাঠে এ ঘটনা ঘটে। রাজু আহম্মেদ ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ কর্মী সাজুসহ ৬/৭ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে রাজুর বড়ভাই গোলজার হোসেন। ঘটনার মূল অভিযুক্ত সাজু মিয়া একই এলাকার আসলামের ছেলে।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মঙ্গলবার রাতে হিলির মহিলা কলেজ এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে মিশন স্কুল মাঠে পৌঁছলে সাজুসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এসময় ধারালো চাকু দিয়ে রাজুর গলায় ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
