ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানিটি বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের বরাদ্দ মূল্য ধরা হয়েছে ১২ টাকা (২ টাকা প্রিমিয়ামসহ)। গতকাল এসইসির নিয়মিত সভায় এর অনুমোদন দেওয়া হয়।
আইপিডিসির পরিশোধিত মূলধন হচ্ছে ২৩৫ কোটি ৬১ লাখ টাকা। কোম্পানিটির মোট ২৩ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ৬৮১টি শেয়ার রয়েছে। এর বিপরীতে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা মূলধন উত্তোলন করে মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এতে কোম্পানির বিনিয়োগ কার্যক্রম বৃদ্ধি পাবে।
উত্তোলিত অর্থের ৬১ দশমিক ৮৭ শতাংশ আসবে সরকার, উদ্যোক্তা ও পরিচালকদের কাছ থেকে। বাকি ২৫ দশমিক ৪ শতাংশ প্রাতিষ্ঠানিক ও ১২ দশমিক ৭৩ শতাংশ আসবে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আইপিডিসির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭ টাকা ২০ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৬ পয়সায়। এ কোম্পানির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
