ফেইসবুক আইডি হ্যাক করে টাকা দাবি

‘হ্যাকার’ সামিরের টার্গেট মডেল-অভিনেত্রী

আপডেট : ৩০ মে ২০১৯, ০৩:৫৪ এএম

ফেইসবুক আইডি হ্যাক করে মডেল ও অভিনেত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন সামির আল মাসুদ (২৩)। যে আইডির অনুসারী বেশি সেই আইডির জন্য টাকাও দাবি করা হতো বেশি। আইডিপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা দাবি করতেন সামির। এই টাকা নিতেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সবশেষ তার খপ্পরে পড়েন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। আইডি ফেরত পেতে দাবিকৃত ১০ হাজার টাকা দিলেও ফেরত পাননি। অবশেষে গত ২ মে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নিশাত। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের শরণাপন্ন হন তিনি। গতকাল বুধবার ঢাকার খিলক্ষেতের একটি বাসা থেকে সামিরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রমনা থানার ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সামিরকে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। সামিরের বাড়ি দিনাজপুরের ফুলবাড়িয়া থানার পূর্ব বাইজিদপুরে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি কলাবাগান থানায় একই ধরনের এক মামলায় সাইবার মনিটরিং টিমের হাতে গ্রেপ্তার হন সামির। প্রায় দেড় মাস কারাগারে থাকার পর গত ২৫ মার্চ জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করেন।

সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্চ মাধ্যমিকের গণ্ডি না পেরোলেও তথ্যপ্রযুক্তিতে আগ্রহী হয়ে সামির জড়িয়ে পড়েন হ্যাকিং গ্রুপে। নিজেকে পরিচয় দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে। কাজ করতেন অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপের সদস্য হয়ে। তরুণ মডেল-অভিনেত্রী ও উঠতি তারকাদের ফেইসবুক আইডি নিজের দখলে নিতেন। পরে হুমকি দিতেন আপত্তিকর ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার। আইডি ফিরিয়ে দিতে দাবি করতেন মোটা অঙ্কের টাকা। অনেক সময় টাকা পেলেও এসব তারকার আইডি ফিরিয়ে দিতেন না সামির। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাইবার ক্রাইম বিভাগ নিয়মিত এসব হ্যাকারকে নজরদারিতে রাখছে। অ্যানোনিমাস, ডন’স টিম ও সাইবার শট নামে কয়েকটি হ্যাকিং গ্রুপে আমাদের সদস্যরা বিচরণ করছেন।’ সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের জনপ্রিয় অন্তত ৩০ জন অভিনেত্রী ও মডেলের ফেইসবুক আইডি নিয়ন্ত্রণে নেন সামির। এদের অনেকে ১০ থেকে ৩০ হাজার টাকা দিয়ে নিজেদের আইডি ফেরত পান।

যেভাবে হ্যাক করতেন আইডি : সাইবার ক্রাইম বিভাগের এক কর্মকর্তা জানান, সামির শুরুর দিকে বেছে বেছে তরুণ মডেল-অভিনেত্রীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন। বন্ধুত্বের আবেদনে সাড়া দেওয়ার পর টু ফ্যাক্টর অথরিটি ও ট্রাস্টের কন্টাক্টের মাধ্যমে মডেল-অভিনেত্রীদের ব্যক্তিগত তথ্য জেনে নিতেন। এরপর শুরু হতো সামিরের দ্বিতীয় ধাপের কাজ। পিক্সআর্ট নামে সফটওয়্যারের মাধ্যমে মডেল-অভিনেত্রীদের আইডির নামে নকল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতেন। খুলতেন জিমেইল অ্যাকাউন্টও। নকল এনআইডি তৈরি করার পর সাবমিট অ্যান্ড অ্যাকাউন্ট গেট অপশনে গিয়ে তারকাদের ফেইসবুক অ্যাকাউন্ট নিজের দখলে নিয়ে নিতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত