৫০০-তে চোখ শেই হোপের

আপডেট : ৩০ মে ২০১৯, ০৪:১৫ এএম

আর কয়েক ঘণ্টা পর বিশ্বকাপের দামামা বেজে উঠবে। লন্ডনের দ্য ওভালে আজ স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এর আগে থেকেই এই বিশ্বকাপের আলোচনায় একটা সংখ্যা উচ্চারিত হচ্ছে বারবার। ৫০০। ওয়ানডের ইতিহাসে এখনো কোনো দল ছুঁতে পারেনি এই ম্যাজিক্যাল ফিগার। এই বিশ্বকাপেই কি তবে হবে নতুন ইতিহাস? ভারত অধিনায়ক বিরাট কোহলি তো সম্প্রতি বলেই দিলেন এই সংখ্যাটি ছোঁয়ার পথে সবচেয়ে এগিয়ে আয়োজক এবং র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড। ইংলিশদের ব্যাটিং গভীরতা দেখেই কোহলি বলেছিলেন এই কথা। ইংল্যান্ডের পাশাপাশি আরেকটি দল কিন্তু লক্ষ্যই নির্ধারণ করেছে প্রথম দল হিসেবে ম্যাজিক্যাল ৫০০ ছোঁয়ার। সেটি ওয়েস্ট ইন্ডিজ। দলটির ব্যাটিং স্তম্ভ শেই হোপ যখন এটা বলেন তখন সময় হয়েছে নড়েচড়ে বসার।

বার দুয়েক ৫০০-এর কাছাকাছি পৌঁছেও তা ছোঁয়া হয়নি ইংলিশদের। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলগত সংগ্রহ ৪৮১। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড গত বছর গড়েছিল এই রেকর্ড। পরের রেকর্ড ৪৪৪-এর মালিকও ইংল্যান্ড। ২০১৬-তে পাকিস্তানের বিপক্ষে রানের এই পাহাড় দলে দলটি। ৫০ ওভার ক্রিকেটের ৪৯ বছরের ইতিহাসে ৪০০-এর ওপর সংগ্রহ হয়েছে মাত্র কুড়িবার। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচে এই মাইলস্টোন পেরিয়েছে মাত্র ছয়টি দল। যার মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের নাম। তারপরও ৫০০ ছোঁয়ার বিশ্বাসটা ক্যারিবিয়ান ব্যাটিং জিনিয়াস শেই হোপের কী করে জন্মায়? প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি পেছনে যেতে হবে না। তরতাজা ইঙ্গিতই ক্যারিবিয়ানরা দিয়েছেন মঙ্গলবার। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ^কাপ প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে তারা তুলেছে ৪২১ রান। অতিমানবীয় কোনো ইনিংস ছিল না তাতে। কেবল হোপ ছুঁয়েছেন তিন অঙ্ক (১০১)। দ্বিতীয় সর্বোচ্চ আন্দ্রে রাসেলের ৫৪ রান। তারপরও রানটা আকাশ ছুঁয়েছে দলের ব্যাটসম্যানরা প্রায় প্রত্যেকেই কিছু না কিছু অবদান রাখায়।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে সেভাবে জ¦লে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। কিন্তু বিশ্বকাপের দলটির সঙ্গে ত্রিদেশীয় সিরিজের দলটির তফাত অনেক। দলে ফিরেছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো বিগ হিটার। হোপ তো আছেনই। এছাড়া শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ইভিন লুইস, কার্লোস ব্রাফেটের মতো বিগ হিটাররা রয়েছেন দলটির লোয়ার অর্ডারে। নিজেদের ব্যাটিং সক্ষমতা বিবেচনায় এনে ৫০০ ছোঁয়ার ব্যাপারে হোপ বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের একটা লক্ষ্য, যা হয়তো একটা সময় আমরা ছুঁয়ে ফেলব। দারুণ ব্যাপার হবে যদি প্রথম দল হিসেবে ৫০০ ছুঁয়ে ফেলি আমরা এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি সেটা ছোঁয়ার ক্ষমতা আমাদের আছে।’

আইপিএল কাঁপিয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল। ভারতে চার-ছক্কার ঝড় বইয়ে দিয়ে চার বছর পর সোজা বিশ্বকাপ স্কোয়াডে নাম লেখান রাসেল। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলেছেন ৩৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস। হোপও সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমি তাকে এককথায় বলব ভয়ংকর। আমি আসলে জানি না তার প্রসঙ্গে কী বলব, শুধু বলি, সে শুধু মারে এবং যখন মারে তখন সেটা আছড়ে পড়ে গ্যালারিতে। তার মতো ক্রিকেটারের সঙ্গে একই দলে খেলাটা অবশ্যই সম্মানের। তার বিপক্ষে কাকে দিয়ে বোলিং করাবেন তা নিয়ে বিভ্রান্তহবেনই। তবে মাঠ থেকে তার কীর্তি দেখার মজাই আলাদা।’

৫৪ ওয়ানডেতে ৫১.০৬ গড়ে ২৯৪৩ রান করেছেন ২৫ বছরের হোপ। ছয় সেঞ্চুরি এবং ১০ ফিফটির মালিক এ বছর খেলা নয়টি ম্যাচে দুটি সেঞ্চুরি ছাড়াও করেছেন তিনটি হাফসেঞ্চুরি। দারুণ ছন্দে থাকা হোপ নিজের চিন্তাধারায় খানিকটা পরিবর্তন এসেছে জানালেন, ‘ভাবনায় খানিকটা পরিবর্তন হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা নয়। তবে যেটা হয়েছে আমি আমার নিজস্ব একটি স্টাইলে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করছি কীভাবে বেশি রান করা যায় এবং ধারাবাহিক থাকা যায়।’

প্লেঅফ খেলে সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপে নাম লেখানো ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তেমন আলোচনা হয়নি। তবে গেইল, রাসেলদের ফেরা তাদের নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। র‌্যাংকিংয়ে অষ্টম স্থান দিয়ে এই দলটিকে বোঝানো যাবে না। দুবারের বিশ্বসেরারা অতীতে বারবারই প্রমাণ দিয়েছে তার বড় রেসের ঘোড়া। বিশ্বকাপে তাই দলটির পাশে ৫০০ লেখা হয়ে গেলে বিস্ময়ের কিছু থাকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত