ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ছাত্রলীগ। কমিটিকে তিন দিনে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে বলা হয়, ভিপি নুরুল হক নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ে দেশের বিভিন্ন প্রান্ত সফর করছেন বলে আমরা জানতে পেরেছি। সফরকালে ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় নুরের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ ওই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ছাত্রলীগকে দোষারোপ করেছেন ভিপি নুর। ছাত্রলীগ কোনো নেতিবাচক কর্মকাণ্ড সমর্থন করে না। ছাত্রলীগের কোনো স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
×
