ইগল বনে গেলেন স্টোকস!

আপডেট : ৩০ মে ২০১৯, ১১:৫৭ পিএম

যেন ইগল বনে গেলেন বেন স্টোকস। বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

ব্যাটিংয়ে ছিলেন দুর্দান্ত। এরপর বোলিংয়েও নিয়েছেন উইকেট। সঙ্গে দুটি ক্যাচ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ইংলিশদের জয়ের নায়কও এদিন স্টোকস।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৫তম ওভারের ঘটনা। ইংলিশদের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করছিল ইংল্যান্ড। আদিল রশিদের করা ওভারটির প্রথম বলেই স্লগ সুইপ করলেন বাঁহাতি ব্যাটার অ্যান্ডিল ফেলুকাওয়ায়ো।

ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন স্টোকস। দীর্ঘদেহী স্টোকস নিজেকে শূন্যে মেলে ধরলেন। উড়ন্ত ভঙ্গিতে ডানহাতে লুফে নিলেন ক্যাচ। ২৪ রান করে ফিরতে হলো ফেলুকাওয়ায়োকে।

স্টোকসের ক্যাচ দেখে টেলিভিশন ধারাভাষ্যকার বলছিলেন, ‘‘অবিশ্বাস্য। নিশ্চিতভাবেই সর্বকালের অন্যতম সেরা ক্যাচের মধ্যে এটি একটি।’’

ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ১০৪ রানে। ব্যাট হাতে স্টোকস সর্বোচ্চ ৮৯ রান করেন। তার ৭৯ বলের ইনিংসে ছিল ৯টি চার। ২.৪ ওভার বল করে ১২ রানে নিয়েছেন ১ উইকেট। ফেলুকাওয়ায়োর ক্যাচ নেওয়ার আগে নিয়েছেন জেপি ডুমিনির ক্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত