দলের জন্য ‘যেকোনো কিছু’ করতে রাজি লিটন

আপডেট : ৩১ মে ২০১৯, ০৯:৪৭ এএম

দীর্ঘ দিনের টাল-মাটাল অবস্থা একটা দৃঢ় অবস্থা পৌঁছেছে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটিং। তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকার বা লিটন দাস যাকেই নামানো হয় না কেন দলকে ভালো একটা শুরু এনে দিতে পারেন তারা। কেননা সৌম্য ও লিটন দুজনকেই এক ম্যাচে খেলানোর সম্ভাবনা যে কমই। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে একাদশে থাকার দৌড়ে এগিয়ে আছেন সৌম্যই। তাহলে কি ফর্মে থেকেও একাদশে থাকা হচ্ছে না লিটনের?

ওপেনিং জুটি নিয়ে মধুর সমস্যায় পড়তে হতে পারে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্টকেও। তবে বিষয়টি নিয়ে মোটেও ভাবছেন না বলে জানালেন লিটন। বরং দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে রাজি তিনি। প্রয়োজনে ব্যাটিং অর্ডারের অন্য কোনো জায়গায়ও ব্যাট করতে অসম্মতি নেই তার।

“দলের জন্য যেকোনো কিছুই করতে পারি। টিম ম্যানেজমেন্ট যে দায়িত্বটা দেবে তা পালন করতে চেষ্টা করব। সুযোগ পেলে তো অবশ্যই চেষ্টা করব ভালো খেলার। সুযোগের অপেক্ষায় থাকব।”

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলায় দলের জন্য অনেক ভালো হয়েছে বলে মনে করেন লিটন। তার মতে, সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়েছে।

“ত্রিদেশীয় সিরিজ খেললাম, যেটা আমাদের এগিয়ে দিয়েছে। বাংলাদেশে খেললে এই অনুশীলনটা হতো না। আমার কাছে মনে হয় আয়ারল্যান্ডে খেলে আমাদের ভালো হয়েছে। তাছাড়া একটা অনুশীলন ম্যাচ খেলেছি ভারতের বিপক্ষে। আমি মনে করি, বাংলাদেশের প্রস্তুতি সব মিলিয়ে ভালো।”

ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে দলে এখন আর কোনো অসুবিধা নেই জানিয়ে লিটন বলেন, “বাংলাদেশ টিম এখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। আয়ারল্যান্ডে শুরুতে যে ঠান্ডায় ছিলাম এখন ততোটা ঠান্ডা নেই।”

লন্ডনের কেনিংটন ওভালে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই নিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত