মাধুরীকে নিয়ে সবচেয়ে বড় গুজব কোনটি?

আপডেট : ৩১ মে ২০১৯, ১২:৫৩ পিএম

নব্বই দশকে বলিউড শাসন করা নায়িকা মাধুরী দীক্ষিত। সম্প্রতি পরপর দুটি সিনেমায় দেখা গেছে তাকে। এর মধ্যে অনিল কাপুরের বিপরীতে অভিনীত ‘টোটাল ধামাল’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।

কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এই নায়িকার বায়োপিক হতে যাচ্ছে। খবরটিকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বয়ং মাধুরী দীক্ষিত। তার কথায়, “এটা আমার জানা সবচেয়ে বড় গুজব।”

মাধুরীর ফিল্মি ক্যারিয়ার তিন দশকের। সৌন্দর্য, অভিনয় ক্ষমতা ও নৃত্য পারদর্শিতার অনন্য সম্মিলন রয়েছে তার মাঝে। তাই এই নায়িকার জীবনী হতে পারে সিনেমার জন্য আকর্ষণীয় বিষয়।

কিন্তু ‘লজ্জা’ অভিনেত্রী বললেন, “কোনো বায়োপিক হচ্ছে না। এটা আমার শোনা সবচেয়ে বড় গুজব। এই খবর কোথা থেকে ছড়িয়েছে জানি না। কারণ আমি চাই-ই না কোনো বায়োপিক হোক। আমার জীবনে আরও অনেক কিছু করতে চাই। কাজেই এই গুজবে কান দেবেন না।”

বছর দু-এক আগে শোনা যায়, মাধুরীর জীবনী নিয়ে মার্কিন টেলিভিশনের জন্য একটি কমেডি সিরিজ প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এ বিষয়ে ৫২ বছরের অভিনেত্রী বলেন, “টিভি এমন একটা বিষয় যেখানে সময় লাগে। এটা হবে কি না, তাও বলতে পারছি না। দেখা যাক, ভবিষ্যতে কী হয়।”

এই প্রসঙ্গে আরও জানান, টেলিভিশন সিরিজটি নিয়ে বেশ আগে কথা হয়েছে। সেখানে শুধু অভিনয় বা নৃত্য নয়, তার সংসার-সন্তানের বিষয়গুলো আসবে।

সর্বশেষ সিনেমা ‘কলঙ্ক’র প্রচারের সময় মাধুরী বলেছিলেন, নিজের বায়োপিক হলে আলিয়া ভাটকেই চান নাম ভূমিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত