বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক সালওয়ার-কামিজ পরে হাজির হয়েছিলেন দেশটির অধিনায়ক সরফরাজ আহমেদ। এই পোশাকেই বাকিংহ্যাম পেলেসে গিয়ে দেখা করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে। সাথে ছিলেন বাকি নয় দলের অধিনায়কও। পাকিস্তান অধিনায়কের পোশাক রুচি নিয়ে অনেকে প্রশ্ন তুললেও তার প্রশংসা করেছেন দেশটির অভিনেত্রী মাহিরা খান।
বিশ্বকাপের উদ্বোধনীর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পোশাক পরে যাওয়ায় সরফরাজের প্রশংসায় পঞ্চমুখ মাহিরা। পাকিস্তান দলের শুভ কামনা করেছেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেত্রী টুইটারে লিখেছেন- “সরফরাজ আপনাকে ভালো দেখাচ্ছে। আমাদের দলের জন্য অনেক অনেক শুভ কামনা।”
এদিকে সালওয়ার কামিজ পরে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ায় অনেকে সমালোচনা করেছেন সরফরাজের। প্রতিক্রিয়ায় এই উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশেই এমন পোশাক পরেছিলেন তিনি। এতে দেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। তা করতে পেরে গর্বিত বলেও জানান সরফরাজ।
