কয়েক দিন পর মুক্তি পাবে সালমান খানের ‘ভারত’। তার আগেই পরিচালক আলী আব্বাস জাফরের ছবিটি বিতর্কে জড়াল। আপত্তি উঠেছে নাম নিয়ে।
বলা হচ্ছে, ‘ভারত’ নামটিতে আঘাতপ্রাপ্ত হতে পারে দেশপ্রেমিকদের আবেগ। আর এই অভিযোগে দিল্লি হাইকোর্টে নির্মাতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। দাবি উঠেছে ছবির নাম পরিবর্তনের।
মামলাকারীর অভিযোগ, সালমানের ছবির নাম ভারতীয় দণ্ডবিধির ৩ নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। এই ধারা অনুযায়ী ‘ভারত’ নামটি বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা আইনত অপরাধ। অতএব, ছবির নাম হিসেবে কোনো মতেই ‘ভারত’ ব্যবহার করা যাবে না।
ট্রেলারে একটি সংলাপে দেখা গেছে ছবির মুখ্য চরিত্রের সঙ্গে ভারত অর্থাৎ দেশের তুলনা টানা হয়েছে। যা কিছুতেই মেনে নেওয়া যায় না, এমনটাই অভিযোগ তুলেছেন ওই মামলাকারী। তাই ছবি থেকে ওই সংলাপ ছেঁটে ফেলার দাবিও করেছেন তিনি। প্রমাণ হিসেবে আদালতের কাছে ট্রেলার পেশ করা হয়েছে।
দিন কয়েক আগেই প্রিয়াঙ্কার ‘ভারত’ ছাড়া নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়ে ছিলেন ভাইজান। যেই প্রসঙ্গে ‘দেশি গার্লে’র পক্ষ নিয়ে সালমানকে পালটা দিতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউডের গায়িকা সোনা মহাপাত্র। সালমান-ভক্তদের রোষানলে পড়ে খুনের হুমকি শুনতে হয়েছে তাকে।
‘ভারত’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। আরও আছেন টাবু, দিশা পাটানি, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার ও জ্যাকি শ্রফ-সহ অনেকে।
