অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের সম্ভাব্য একাদশ

আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৪৫ পিএম

প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ তুমুল ফর্মে থাকা অস্ট্রেলিয়া। তবে এটা সত্যি যে ম্যাচটিতে পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের এমনিতেই ছেড়ে দেবে না আফগানিস্তান। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে নিজেদের শক্তি জানান দিয়েছে গুলবাদিন নাইবের দল। দাঁত কামড়ে লড়তে চাইবে অজিদের বিপক্ষেও।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে কেমন হতে পারে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ! তাকানো যাক সেদিকে।

ওপেনিংয়ে বরাবরের মতোই প্রথম পছন্দ উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাদজাদ। মোটাসোটা এই ব্যাটসম্যান অবশ্য কিছু দিন ধরে হ্যাটস্ট্রিংয়ের সমস্যায় ভুগেছেন। তবে তার খেলতে কোনো সমস্যা হবে না বলে ধারণা করা হচ্ছে। উদ্বোধনীতে শাহজাদের সঙ্গে দেখা যেতে পারে হযরতউল্লাহ জাজাইকে। দলকে ভালো শুরু এনে দিতে পটু তারা।

তিন নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে রহমত শাহকে। এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৩৬ গড়ে করেছেন ২০০১ রান। কার্যকরী ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে লেগ স্পিনে কম যান না রহমত। দরকারে উইকেট কিপিংও করতে পারেন তিনি। চার নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে হাসমত উল্লাহ শহিদিকে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলকে জয় এনে দিতে ১০২ বলে ৭৪ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। মিডল অর্ডারের আরেক সদস্য হতে পারেন অভিজ্ঞ আসগর আফগান। চার-পাঁচে ব্যাটিং করে প্রায়ই বড় ইনিংস খেলে থাকেন সাবেক অধিনায়ক।

অলরাউন্ডারের ভূমিকায় অভিজ্ঞ মোহাম্মদ নবি, অধিনায়ক গুলবাদিন নাইব ও রশিদ খানের জায়গা অনেকটাই পাকা। এক স্পিনার ও দুই পেসার নিয়ে বোলিং লাইন-আপ সাজাতে পারে আফগানিস্তান। স্পিনারের ভূমিকায় থাকতে পারেন অফস্পিনার মুজিব-উর-রহমান। আর পেস বোলিংয়ে থাকতে পারেন দওলত জাদরান ও হামিদ হাসানকে।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ

মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হযরতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, দওলত জাদরান, হামিদ হাসান ও মুজিব উর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত