ক্যাটরিনা কাইফের পরিচিতি ভারতের বাইরে ছড়িয়েছে অনেক আগে। বলিউডের এ অভিনেত্রী এই পর্যায়ে এসেছেন নানা উত্থান-পতনের মধ্য দিয়ে। তার মাঝে রয়েছে বাবা না থাকার যন্ত্রণা।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে চলেছে সালমান খানের বিপরীতে ক্যাটরিনা অভিনীত ‘ভারত’। এক আলাপচারিতায় উঠে এলো সেই অপূর্ণতার গল্প।
বলিউডে সালমানকে বলা হয় ক্যাটরিনার গডফাদার। ক্যারিয়ারে ভালো-খারাপ দুই সময়েই এই নায়ককে পাশে পেয়েছেন তিনি। সেই কথাও উঠে আসে সাক্ষাৎকারে।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, বাবার সঙ্গে মা সুজান টারকেটের বিচ্ছেদ হওয়ার পর সাত ছেলে-মেয়েকে একা হাতেই মানুষ করেছেন তিনি।
ক্যাটরিনা জানান, তার জীবনে বাবা না থাকার শূন্যতা কেউ কোনো দিন পূর্ণ করতে পারেননি।
‘জিরো’ অভিনেত্রীর ভাষ্য, “মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগত। যখনই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, বারবার মনে হতো যারা বাবার সঙ্গ পান, তাদের ক্ষেত্রে কষ্ট সহ্য করাটা সহজ হয়। আমার যখন সন্তান হবে, আমি চাইব সে মা-বাবা দু’জনের সান্নিধ্যে বড় হয়ে উঠুক।”
তিনি জানান, পরিবার ভেঙে গেলে সন্তানদের জন্য তা খুবই কষ্টকর হয়ে ওঠে। তৈরি হয় এক অদ্ভুত নিরাপত্তাহীনতার অনুভূতি।
‘ভারত’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ক্যাটরিনা। এর মাঝেই শুটিং করছেন অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’ সিনেমার।
