ছোটপর্দার জনপ্রিয় তারকা সারিকা। বহুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। দীর্ঘদিন পর পর হঠাৎ করেই উদয় ঘটে তার। তারপর আবার ডুবে যান। তাকে তখন পাওয়া যায় না কোনো খানেই। না ফোনে, না ফেসবুকে। অবশ্য দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত নানা ঝুট ঝামেলায় নাজেহাল সারিকা।
ব্যক্তিগত ঝামেলার সঙ্গে প্রফেশনাল ঝামেলাও তৈরি হয়েছিল তার। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিংয়ের শিডিউল ফাঁসানোর অভিযোগও উঠে। সেই অভিযোগে সারিকাকে নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)। তিন মাস পরে ক্ষমা চেয়ে কাজে ফিরেছিলেন।
এসব কারণে তার ‘ডুব’ দেওয়া স্বাভাবিক ঘটনা। ফলে সারিকাকে সর্বশেষ গত বছরের নভেম্বরে কাজ করতে দেখা যায় ‘ব্রেকিং নিউজ’ নামের একটি নাটকে। তারপর আবার একটা গভীর ডুব। সে যাই হোক, সারিকা ভক্তদের জন্য খুশির খবর নিয়ে হাজির হলেন তিনি। গভীর ডুবের পর তিনি আবার ভেসে উঠেছেন। ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছেন ঈদের আনন্দ।
ঘটনা খুলেই বলি, সম্প্রতি নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় একটি নাটক ও একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘অন্যদিন’। নাটকটিতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এই নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ০৭ টা ৫০ মিনিটে।
এ ছাড়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে দেখা যাবে সারিকাকে। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বির। মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখকে। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে।
উল্লেখ্য, ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন সারিকা। ২০১০ সাল থেকে নাটকে অভিনয় করা শুরু করেন। মডেলিং, নাটক, বিজ্ঞাপন- তিন মাধ্যমেই তিনি ছিলেন জনপ্রিয়। এমনকি চলচ্চিত্র পরিচালকরাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ দেখাত। তবে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে মিডিয়ায় অনিয়মিত হয়ে পড়েন সারিকা।
