ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান। ব্রিস্টলে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচ এটি। কার্ডিফে অন্য ম্যাচে লড়ছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য বিপাকে পড়েছে আফগানিস্তান। প্রথম ওভারের তৃতীয় বলেই মিচেল স্টার্ক ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ শাহজাদকে।
টস হেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ‘‘আমি টস জিতলে ব্যাটিংটাই বেছে নিতাম। বোর্ডে বড় রান রাখার চেষ্টা করতাম। ফিল্ডিংটা যে কঠিন তা নয়। আশা করছি আমরা দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারব।’’
ডেভিড ওয়ার্নারকে নিয়েই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনই অবশ্য ওয়ার্নারের একাদশে থাকার খবর নিশ্চিত করেছিলাম ফিঞ্চ। একাদশে জায়গা করে নিয়েছেন উসমান খাজাও। তাকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে শন মার্শকে। একাদশে জায়গা পাননি নাথান লায়ন, জেসন বেহরেনডোর্ফ ও রিচার্ডসন।
আফগানিস্তান একাদশ সাজিয়েছে তিন স্পিনার মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও রশিদ খানকে নিয়ে। অধিনায়ক গুলবাদিন নাইব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, ‘‘উইকেটটা দারুণ। ফ্ল্যাট এবং ভালো। আমাদের তিনজন স্পিনার রয়েছে। স্কোর বোর্ডে ভালো রান রাখাটাই আমাদের লক্ষ্য। তারা (অস্ট্রেলিয়া) চ্যাম্পিয়ন সাইড। আমরা তাদের বিপক্ষে ভালো শুরু করতে চাই।’’
