সবুজের জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

আপডেট : ০১ জুন ২০১৯, ০৯:১৯ পিএম

বিশ্বকাপ বাছাই পর্বে লাওসের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়ানো এক জয় পেল বাংলাদেশ। থাইল্যান্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাংকক গ্লাস পাথুমকে উড়িয়ে দিয়েছে জেমি ডের দল।

শনিবার ব্যাংককের থানিয়াবুরির লিও স্টেডিয়ামে ৩-০ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ। জোড়া গোল করেছেন তৌহিদুল আলম সবুজ। অন্য গোলটি করেন আরিফুর রহমান। প্রথম প্রস্তুতি ম্যাচে এয়ার ফোর্স ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

এদিন ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ। তাই স্কোয়াডের সব খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চেয়েছেন জেমি ডে। প্রথমার্ধের একাদশে বেশ কিছু পরিবর্তন এনে দ্বিতীয়ার্ধের দলকে মাঠে নামান জেমি।

এই অর্ধে খেলোয়াড়রা খুশিই করেছেন জেমি ডেকে। একই সঙ্গে বাংলাদেশের দর্শকদের। ৬৮ মিনিটে প্রথম গোলটি আসে সবুজের পা থেকে। এরপর ৭১ মিনিটে আরিফুর ব্যবধান দ্বিগুণ করেন। ৭৪ সবুজ নিজের দ্বিতীয় গোল আদায় করলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

গেল বছর এই দলটাকেই ৪-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। সে ম্যাচে সবুজ করেছিলেন হ্যাটট্রিক।

আগামী ১১ জুন বিশ্বকাপে বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প শেষে সোমবার সেখান থেকেই লাওসের বিমান ধরবে বাংলাদেশ দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত